খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, বেকারত্ব বৃদ্ধি এবং পারিবারিক সচেতনতার অভাবে সমাজে মাদকাসক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, বরং অভিভাবকদের সচেতনতা এবং সামাজিক আন্দোলন জরুরি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বটিয়াঘাটা থানা পুলিশ আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসপি মাহবুবুর রহমান বলেন, পারিবারিক ও ব্যক্তিগত নানা সংকটের কারণে অনেকে মাদকাসক্ত হয়ে পরবর্তীতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। তাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের কুপ্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদানের আশ্বাসও দেন তিনি।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আবির সিদ্দিকী।
সভায় আরও বক্তব্য রাখেন সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাস, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতামত