ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে জেলা লিগ্যাল এইডের হস্তক্ষেপে। আইনের আশ্রয় নিয়ে নিজের হারানো জমি ফিরে পেয়েছেন ভ্যানচালক মো. আব্দুল করিম।
হরিপুরের গড়ভবানীপুর এলাকার বাসিন্দা আব্দুল করিম তাঁর ক্রয়কৃত ২৫ শতক জমিতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু প্রতিবেশী লুৎফর রহমান ও মর্জিনা বেগমসহ কয়েকজন তাঁর যাতায়াতের রাস্তা বন্ধ করে জমি দখলের পাঁয়তারা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদে সমাধান না পেয়ে গত ২২ জুলাই ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে লিগ্যাল এইড অফিস উভয় পক্ষকে সমন প্রদান করে। পরে সিনিয়র সহকারী জজ মজনু মিয়ার মধ্যস্থতায় উভয় পক্ষের সম্মতিতে আপস-মীমাংসা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার একপর্যায়ে বিবাদীরা আব্দুল করিমকে জমি বুঝিয়ে দিতে সম্মত হন। গত রোববার (২৮ ডিসেম্বর) সরেজমিনে পুলিশ প্রশাসনের সহায়তায় জমি পরিমাপ করে ভুক্তভোগীকে তাঁর দখল বুঝিয়ে দেওয়া হয়।
ন্যায়বিচার পেয়ে আবেগাপ্লুত আব্দুল করিম বলেন, আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে সংসার চালাই। মামলা-মোকদ্দমা আমার কাছে ভয়ের বিষয় ছিল। কখনো ভাবিনি এভাবে বিনামূল্যে ন্যায়বিচার পাব। লিগ্যাল এইড আজ আমার অধিকার ও আইনের ওপর বিশ্বাস ফিরিয়ে দিয়েছে।
জেলা সুজনের সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, এই ঘটনা প্রমাণ করে ন্যায়বিচার শুধু প্রভাবশালীদের জন্য নয়। তবে লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ মানুষের মাঝে প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন।
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মজনু মিয়া বলেন, সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা ও অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ মিটিয়ে আদালতের ওপর চাপ কমানো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত