সারাদেশ

নারায়ণগঞ্জের ৫ আসনে লড়ছেন ৮৩ জন: সর্বোচ্চ প্রার্থী ফতুল্লায়

প্রিন্ট
নারায়ণগঞ্জের ৫ আসনে লড়ছেন ৮৩ জন: সর্বোচ্চ প্রার্থী ফতুল্লায়

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলছে। ১২ ডিসেম্বর থেকে রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত জেলার ৫টি আসনে মোট ৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফতুল্লা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে। সবচেয়ে কম ৮ জন প্রার্থী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১) আসনে। এছাড়া আড়াইহাজারে ১১ জন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে ১৪ জন এবং সদর-বন্দরে ২২ জন প্রার্থী লড়াইয়ের তালিকায় রয়েছেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (বিএনপি), মো. আনোয়ার হোসেন মোল্লা (জামায়াত), ওয়াসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ) ও মনিরুজ্জামান চন্দন (সিপিবি)। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): নজরুল ইসলাম আজাদ (বিএনপি), আতাউর রহমান খান আঙ্গুর (বিএনপি-সাবেক এমপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত) ও মাওলানা হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন)। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ): আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), অধ্যাপক মামুন মাহমুদ (বিএনপি), মুহাম্মদ গিয়াস উদ্দিন (স্বতন্ত্র) ও গোলাম মসীহ (ইসলামী আন্দোলন)। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) মনির হোসাইন কাসেমী (জমিয়তে উলামায়ে ইসলাম-বিএনপি জোট সমর্থিত), গিয়াস উদ্দিন (স্বতন্ত্র), মো. শাহ আলম (বিএনপি), মো. আব্দুর জব্বার (জামায়াত) ও ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি)। নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) মাসুদুজ্জামান মাসুদ (বিএনপি), অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান (বিএনপি), আবুল কালাম (বিএনপি-সাবেক এমপি), মইনুদ্দিন আহমাদ (জামায়াত) ও মাওলানা মাসুম বিল্লাহ (ইসলামী আন্দোলন)। জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৬৬ হাজার ২৩২ জন। মোট ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আড়াইহাজারে সর্বোচ্চ ৪৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হলেই চূড়ান্ত হবে কারা থাকছেন ভোটের মূল লড়াইয়ে।