সারাদেশ

আড়াইহাজারে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রিন্ট
আড়াইহাজারে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫০

পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ দিন ধরে তারা উচ্চশিক্ষার সুযোগসহ আটটি যৌক্তিক দাবি জানিয়ে আসছেন। গত ২১ এপ্রিল ঢাকায় আন্দোলনের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও গত সাত মাসেও এর কোনো অগ্রগতি হয়নি। এরই প্রতিবাদে গত ১৭ ডিসেম্বর থেকে তারা পরীক্ষা বর্জন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার তাদের দাবি পূরণে অনীহা দেখাচ্ছে। তারা বলেন, আমাদের দাবি মানা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। কোনো প্রকার আশ্বাস নয়, এবার আমরা সুস্পষ্ট ঘোষণা চাই।

প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে ২৪-২৫ সেশনের দ্বিতীয় সেমিস্টার এবং ২২-২৩ সেশনের ষষ্ঠ সেমিস্টারের সকল শিক্ষার্থী একযোগে পরীক্ষা বর্জন করেছেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষ ও পরীক্ষা হলে ফিরবেন না।

এর আগে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন।