নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কাইকেরটেক ব্রিজ সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি জানায়, রোববার সকালে স্থানীয়রা নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৫-৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কলাগাছিয়া নৌ-পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত