সারাদেশ

সিদ্ধিরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: উদ্ধার হলো ইলেকট্রিক সরঞ্জাম

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: উদ্ধার হলো ইলেকট্রিক সরঞ্জাম

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে পাইনাদী মধ্যপাড়া এলাকার একটি গলি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে প্লাস, টেস্টার ও কাটা বৈদ্যুতিক তার উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত হাবিবুর রহমান স্থানীয় ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং মৃত আব্দুল আজিজের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাইনাদী মধ্যপাড়া এলাকার একটি গলিতে হাবিবুরকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্লাস, একটি টেস্টার এবং ছেঁড়া বৈদ্যুতিক তারের অংশ উদ্ধার করেছে। নিহতের ছোট ভাই ইয়াসিন জানান, হাবিবুরকে যখন পাওয়া যায় তখন তাঁর হাতে একটি বৈদ্যুতিক সার্ভিস তার ধরা ছিল। তবে ঘটনাস্থল থেকে কিছু দূরে তাঁর একটি জুতা পড়ে থাকা এবং হাতের মুঠোয় তার ধরা থাকার বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্বজনদের দাবি, হাবিবুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মরদেহের পাশ থেকে উচ্চ ভোল্টেজের কাটা বৈদ্যুতিক তার এবং ইলেকট্রিক কাজের সরঞ্জাম (প্লাস ও টেস্টার) উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন বা চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।