সারাদেশ

ব্রহ্মপুত্র নদে কুমির আতঙ্ক: নির্ঘুম রাত কাটছে সোনারগাঁ ও বন্দরবাসীর

প্রিন্ট
ব্রহ্মপুত্র নদে কুমির আতঙ্ক: নির্ঘুম রাত কাটছে সোনারগাঁ ও বন্দরবাসীর

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে কুমিরের আনাগোনা দেখা দেওয়ায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। গত কয়েক দিন ধরে নদের তীরের বিভিন্ন স্থানে কুমির দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

বন্দর উপজেলার সাবদী এবং সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নদের তীরে ৪ থেকে ৫টি কুমিরকে রোদ পোহাতে দেখেছেন গ্রামবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমেও কুমিরের উপস্থিতির ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক আরও বাড়ে। এর ফলে নদে মাছ ধরা, নিত্য প্রয়োজনীয় কাজ এবং শিশুদের গোসল করানো বন্ধ করে দিয়েছেন তীরবর্তী বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাই জানান, নদে ছোট-বড় কয়েকটি কুমির ভাসতে দেখা যাচ্ছে। নদীপারের মানুষদের এখন সবসময় সতর্ক থাকতে হচ্ছে। বিশেষ করে শিশুদের নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।

দ্রুততম সময়ের মধ্যে বনবিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই কুমিরগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন শম্ভুপুরা ও সাবদী ইউনিয়নবাসী। বনবিভাগের পক্ষ থেকে কুমিরগুলো সত্যিই আছে কি না এবং তা মিঠাপানির কি না যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।