সারাদেশ

ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল

প্রিন্ট
ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ঠাকুরগাঁও ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান ফারজানার কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের অপেক্ষা করছে। একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশবাসীকে পাশে থাকার আহ্বান জানাই।

নির্বাচিত হলে এলাকার শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।