সারাদেশ

মাগুরা-১ ও ২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা: নেতাকর্মীদের সরব উপস্থিতি

প্রিন্ট
মাগুরা-১ ও ২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা: নেতাকর্মীদের সরব উপস্থিতি

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:০০

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনেই বিএনপির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মাগুরা-১ আসন থেকে মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, শাহেদ হাসান টগর, মিথুন রায় চৌধুরী, হাসান ইমাম খান সুজা ও অ্যাডভোকেট রোকনুজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের প্রার্থী মনোয়ার হোসেন খান শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মাগুরা বিএনপি এখন অনেকটা ঐক্যবদ্ধ। তৃণমূলের নেতাকর্মীরাও এই ঐক্যবদ্ধ অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সুসংগঠিত বিএনপি আগামী নির্বাচনে মাগুরায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।