সারাদেশ

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাগুরা জেলা বিএনপির শোক ও কর্মসূচি

প্রিন্ট
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাগুরা জেলা বিএনপির শোক ও কর্মসূচি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪৯

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মাগুরা জেলা বিএনপি। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে মাগুরার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দেশনেত্রীর স্মরণে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় মাগুরা শহরের ভায়না মোড়স্থ দলীয় কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

শোক সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশ এক আপসহীন অভিভাবককে হারালো। তিনি শোকাহত নেতাকর্মীসহ মাগুরাবাসীকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুবউদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।