সারাদেশ

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন

প্রিন্ট
মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৩৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা জানাজাস্থলে পৌঁছান। এর কিছুক্ষণ পর, দুপুর ২টা ২৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি সেখানে এসে পৌঁছায়।

জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা নিশ্চিতে এলাকায় ২৭ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।