সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৭

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ আহত ৭

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় নারীসহ একই পরিবারের অন্তত ৭ জন রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আরাফাত আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলায় আহতরা হলেন, আমজাদ হোসেন (৫৫), আরাফাত আলী (৪৫), ইতি আক্তার (৩০), সরাফত (৪৮), শাওন (২৩), নিপা বেগম (৩৬) ও রাইছা (১৬)। অন্যদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার হিমেল, হাসিবুর, মিলন, সজিব, কামালসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজমিজি বাতানপাড়া এলাকায় ১৭ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে আরাফাত আলীদের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে চলা মামলায় গত ১৯ নভেম্বর ভুক্তভোগীরা আদালত থেকে অনুকূল রায় পান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা মঙ্গলবার তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলাকারীরা আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এছাড়া নারীদের শ্লীলতাহানি ও শারীরিক লাঞ্ছনা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাশী জানান, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।