সারাদেশ

ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন ও অভিভাবক সম্মেলন

প্রিন্ট
ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন ও অভিভাবক সম্মেলন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার প্রসারে যাত্রা শুরু করল সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাবাগীশ এলাকায় মাদ্রাসা মিলনায়তনে এক পরিচিতি সভা ও অভিভাবক সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, শায়খ মুহাম্মাদুল্লাহ বোখারী, ওস্তাদ সালীম আব্দুল্লাহ, মাওলানা জায়নাল আবেদীন ও মাওলানা ইমরান হোসেন হাবিবীসহ স্থানীয় বিশিষ্ট আলেম-ওলামাগণ।

বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় রোধে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার বিকল্প নেই। আলোকিত প্রজন্ম গঠনে এই প্রতিষ্ঠানটি এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এলাকার পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর মো. জাহিদুল হক এবং জমিদাতার পক্ষে মো. সিরাজুল ইসলাম প্রামাণিক।

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিশেষে মাদ্রাসার সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।