সারাদেশ

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রিন্ট
বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৩৯

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের মিশন পাড়া এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে ও পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন।