সারাদেশ

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা: নেপথ্যে মাদক ও ছিনতাইয়ের বিরোধ

প্রিন্ট
ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা: নেপথ্যে মাদক ও ছিনতাইয়ের বিরোধ

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২৯

নারায়ণগঞ্জে ফতুল্লা নাগবাড়ি এলাকায় রায়হান খান (২৫) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, মাদক ব্যবসা ও ছিনতাই নিয়ে অপরাধী চক্রের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে। তিনি ফতুল্লার তাঁতিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাগবাড়ি এলাকার একটি নির্জন স্থানে একদল দুর্বৃত্ত রায়হানকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, নিহত রায়হান খান দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব অপরাধ নিয়ে স্থানীয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।