আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসনে বড় ধাক্কা খেয়েছে জাতীয় পার্টি (জাপা)। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে এ আসনের জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে দাখিলকৃত ৯টি আবেদনের মধ্যে মঞ্জুম আলীরটি বাতিল হলেও বাকি ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব, নাগরিক পার্টির আল মামুন, ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আনাস, ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবু, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন এবং খেলাফত মজলিসের মমিনুর রহমানের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের পর ব্যারিস্টার মঞ্জুম আলী অভিযোগ করে বলেন, রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন বড় কোনো ভুল না থাকলে মনোনয়ন বাতিল হবে না। সামান্য ত্রুটি থাকা সত্ত্বেও আমার প্রতি অবিচার করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানান, যথাযথ নির্বাচনী আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত