মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে বড় ধরনের রদবদল ও নাটকীয় মোড় নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি। জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। গিয়াস উদ্দিন ও শাহ আলমের বহিষ্কারের মধ্য দিয়ে জেলায় প্রভাবশালী এক বলয়ের পতন ঘটল বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। অন্যদিকে, সেন্টু ও রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তাদের পুনরায় দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পথ প্রশস্ত হলো।
এই রদবদলকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে চলছে ব্যাপক সমীকরণ ও চুলচেরা বিশ্লেষণ। নেতাকর্মীদের একাংশের মতে, দীর্ঘদিনের গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কেন্দ্র এই শুদ্ধি অভিযান চালিয়েছে। স্থানীয় এক নেতার ভাষ্যমতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন গিয়াস-শাহ আলম বলয় আউট, আর মাঠের পরীক্ষিত নেতা সেন্টু ও রিয়াদ ইন।
হঠাৎ এই পুনর্বিন্যাসে জেলা ও থানা পর্যায়ের সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই পরিবর্তন নারায়ণগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ শক্তিতে কী ধরনের পরিবর্তন আনে, তাই এখন দেখার বিষয়।
মতামত