সারাদেশ

বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৬

নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাব-১১র মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মিরাজ হোসেন মুন্না (২২), মাঈন উদ্দিন (২৭) ও রাকিব (২০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংগঠিত মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মদনপুর চেকপোস্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়।

র‌্যাব-১১র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।