কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সীমান্তে নিজের গুলিতে নাসিম উদ্দিন (২৪) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে টহল ডিউটিতে যাওয়ার প্রস্তুতিকালে নাসিম নিজের রাইফেল দিয়ে বুকে গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত