সারাদেশ

বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে হামলা-লুটপাট

প্রিন্ট
বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে হামলা-লুটপাট

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩৫

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা ব্যারেজ আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেলে স্থানীয় একদল দুর্বৃত্ত এই তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ ক্যাম্পে হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে এবং আনসার সদস্যদের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ রেশন সামগ্রী ও মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ক্যাম্প এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দল উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এলাকা ত্যাগ করেন।

ঘটনার পর রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এবং জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।