সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, রাত ৯:৩৫

ঠাকুরগাঁও পৌর শহরের একটি মেস থেকে হানাতুন নেছা কেয়া (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) সকালে শহরের হাজীপাড়া এলাকার একটি মেস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কেয়া ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। সে রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বাসিন্দা। পড়াশোনার সুবাদে সে হাজীপাড়ার ওই মেসে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে সহপাঠীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।