সারাদেশ

পাঁচবিবিতে রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা: অধিকাংশ প্রতিষ্ঠানে ওড়েনি অর্ধনমিত পতাকা

প্রিন্ট
পাঁচবিবিতে রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা: অধিকাংশ প্রতিষ্ঠানে ওড়েনি অর্ধনমিত পতাকা

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, রাত ৯:৫৩

 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অধিকাংশ সরকারি-বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে তা মানা হয়নি। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সরকারি নির্দেশনা থাকলেও অনেক প্রতিষ্ঠানে কোনো পতাকাই উত্তোলন করা হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয়, বাগজানা ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন ও বালিঘাটা পরিবার পরিকল্পনা কেন্দ্র, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় ও শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চরাঞ্চলের অধিকাংশ প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোকের কোনো প্রতিফলন নেই।

নির্দেশনা না মানার বিষয়ে বালিঘাটা ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা জোসনা আকতার দাবি করেন, পতাকা টাঙানোর লোক নেই এবং বাঁশ ভেঙে যাওয়ায় তারা পতাকা উত্তোলন করেননি। অন্যদিকে, কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দপ্তরি বা নৈশপ্রহরীর ওপর দোষ চাপিয়ে দায়সারা বক্তব্য দেন।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যারা জাতীয় পতাকা অর্ধনমিত করেননি বা পতাকা তোলেননি, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।