সারাদেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযান: মাদকসহ আটক ১

প্রিন্ট
বালিয়াডাঙ্গী সীমান্তে বিজিবির অভিযান: মাদকসহ আটক ১

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, রাত ১০:০৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অভিযান চালিয়ে ১৫০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকসহ (ডেক্সামেথাসন ট্যাবলেট) ইয়াসিন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৫০ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার বেউরঝাড়ী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ইয়াসিন আলী উপজেলার তের আলী গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক ছাড়াও একটি বাইসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সুবুর আলী নামে অন্য এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউরঝাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৩৮০/৭ এস হতে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। মাদক বিক্রির সময় ইয়াসিন আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত সাত মাস ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

শুক্রবার বিকেলে জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।