শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তে বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে ৫টি ভারতীয় গরু, ৩৪ বোতল মদ, ৩২ প্যাকেট আতশবাজি, বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী ফেসওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলী ক্রিম, ২১ হাজার ২০০ পিস জিলেট ব্লেড, ২৩টি কম্বল এবং ৩০ কেজি জিরার একটি চালান জব্দ করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত