ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু আমরা ৩০ কার্যদিবস সময় দিয়েছি। সেই আল্টিমেটামের আর মাত্র ২২ দিন বাকি আছে। আমরা কার্যদিবস ধরেই এগোচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তবে ৩০ কার্যদিবস শেষ হওয়ার পর আমরা সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু করব।
এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচির কারণে শাহবাগের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার বিচার দাবিতে এর আগেও একাধিকবার রাজপথে বড় ধরনের কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সর্বশেষ কর্মসূচিতে বিচার প্রক্রিয়া নিয়ে সরকারকে কঠোর সময়সীমা বেঁধে দিয়ে সরাসরি সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।
মতামত