মাগুরার শালিখা উপজেলায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে টিটু মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বলাই নাগসা গ্রামের সাহিম ও রাতুলসহ কয়েকজন যুবক নদীর পাড়ে বসে গাঁজা সেবন করছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় টিটু মন্ডল ও তার বন্ধুরা তাদের নেশা করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সাহিম তার কাছে থাকা ছুরি দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিটু মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে প্রধান অভিযুক্ত সাহিমকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল অভিযুক্ত সাহিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত