নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো এবং প্রতিবাদ করায় এক ছাত্রনেতাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।
শনিবার (৩ জানুয়ারি) একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ছবি ও ফেষ্টুন সংবলিত বুথ স্থাপন করে প্রচারণা চালায় কলেজ প্রশাসন। এ সময় কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হৃদয় হাসান সরকারি অর্থায়নে রাজনৈতিক প্রচারণার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে ছাত্রদল নেতাকর্মীরা তাকে একটি রুমে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, তাকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতন চালানো হলেও কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধারে কোনো ভূমিকা নেয়নি। পরে জেলা শিবিরের নেতৃবৃন্দ বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
এই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্দিষ্ট কোনো প্রার্থীর প্রচারণা চালানো এবং ছাত্রকে অবরুদ্ধ করার ঘটনা পক্ষপাতদুষ্ট আচরণের বহিঃপ্রকাশ। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মতামত