শেরপুরের শ্রীবরদী উপজেলায় দীর্ঘ ৭০ বছরের পুরনো একটি চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডী পূর্বপাড়ার ৩১টি পরিবার অবরুদ্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, পাকিস্তান আমল থেকেই ওই এলাকার মৃত ডা. আব্দুল কুদ্দুসের জমির ওপর দিয়ে গ্রামবাসী চলাচল করতেন। সম্প্রতি তাঁর উত্তরসূরিরা ওই পথে টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেন। এর আগে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একবার পথটি উন্মুক্ত করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবারও তা বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, রাস্তা বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা টিনের বেড়ার নিচ দিয়ে অতি কষ্টে যাতায়াত করছেন। ভুক্তভোগীরা জানান, বিকল্প যে পথটি রয়েছে তা বর্ষাকালে পানিতে তলিয়ে যায়, ফলে এই রাস্তাটিই তাদের একমাত্র ভরসা। দীর্ঘদিনের ব্যবহৃত এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন তারা।
এ বিষয়ে গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক জামাল ইসলাম জানান, তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিবাদমান রাস্তাটি দ্রুত খুলে দিয়ে স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
মতামত