পাবনার বেড়ায় র্যাবের অভিযানে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড গুলিসহ মো. হারুন স্যান্যাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় উপজেলার উত্তর পেঁচাকোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতার হারুন স্যান্যাল উপজেলার নাকালিয়া পেঁচাকোলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। র্যাব জানায়, হারুন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, সাত রাউন্ড কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার হারুনের বিরুদ্ধে মারামারি ও মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রধারী চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ওই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত