সারাদেশ

সোনারগাঁয়ে ৪টি অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রিন্ট
সোনারগাঁয়ে ৪টি অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত : ৪ জানুয়ারি ২০২৬, রাত ১১:২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত তিনটি চুনা ও একটি ঢালাই কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পিরোজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। অভিযানে তিতাস গ্যাস মেঘনা ঘাট অঞ্চলের ম্যানেজার সুরজিত সাহাসহ পুলিশ ও তিতাসের কারিগরি দল উপস্থিত ছিলেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পিরোজপুরের ঝাউচর এলাকায় আবুল কাশেম মাস্টারের ঢালাই কারখানা, হারুন অর রশিদের চুনা কারখানা এবং নওয়াব প্রধান ও মতিউর রহমানের মালিকানাধীন চুনা কারখানাগুলোতে দীর্ঘ দিন ধরে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এই কারখানাগুলো প্রতিদিন প্রায় ২৪ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করে আসছিল, যাতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানে কারখানার ভাট্টিগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় সাড়ে ৬শ ফুট পাইপ জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বারবার বিচ্ছিন্ন করার পরও এসব কারখানায় পুনরায় সংযোগ দেওয়া হয়। এমনকি অভিযানের খবরও আগেভাগে ফাঁস করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তবে তিতাস ম্যানেজার সুরজিত সাহা জানান, অভিযানের সময় মালিকপক্ষ পলাতক থাকায় জেল-জরিমানা সম্ভব হয়নি, তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।