সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, বিকাল ৪:৪৫

অত্যাচার আর হয়রানি যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রতিবাদই হয়ে ওঠে একমাত্র পথ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমনই এক চিত্র দেখা গেছে আসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সুদের ব্যবসার আড়ালে চাঁদাবাজি, নারী দিয়ে ব্ল্যাকমেলিং এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত আসলামকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আয়োজিত এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসার আড়ালে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার মূল লক্ষ্য নিরীহ মানুষ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাওনা টাকা আদায়ের নামে সে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে আসছে।

বিক্ষোভকারীদের দাবি, আসলামের ভয়াবহ এক কৌশল হলো নারীর ফাঁদ। এলাকার সহজ-সরল যুবক ও ব্যবসায়ীদের টার্গেট করে নারী দিয়ে ব্ল্যাকমেল করা এবং পরবর্তীতে আপত্তিকর ভিডিও বা ছবির ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া তার নিত্যদিনের কাজ। টাকা দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, আসলামের এসব কর্মকাণ্ডের কারণে আমাদের এলাকার অনেক পরিবার আজ পথে বসেছে। মান-সম্মানের ভয়ে অনেকে মুখ না খুললেও আজ আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।

বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলামের মতো অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ালে শান্তিপ্রিয় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে। মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত আসলামকে গ্রেফতার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত আসলামকে আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।