সারাদেশ

রংপুরে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রিন্ট
রংপুরে সহস্রাধিক ছিন্নমূল মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২৬

রংপুরে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করা এক হাজার ৫০ জন অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় ৭২ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আজম চৌধুরীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তীব্র শীতে সেনাবাহিনীর এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।

এদিকে, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় উত্তরের জনপদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আরও কমার আশঙ্কা রয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।

শীতের তীব্রতায় পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত শীতজনিত রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জানুয়ারি মাসেই মারা গেছেন ৫ জন। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে।