সারাদেশ

শেরপুরে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবলের উদ্বোধন

প্রিন্ট
শেরপুরে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবলের উদ্বোধন

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৩৯

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এডভোকেট সাইফুল ইসলাম কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের ডা. সেকান্দর আলী কলেজ মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ। তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মানবিক সমাজ গড়ার এই প্রয়াস অব্যাহত রাখতে হবে।

এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব শফিউল আলম চাঁনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আমজাদ হোসেন বাবু, জেলা কৃষকদলের সভাপতি মো. শফিকুল ইসলাম গোল্ডেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে খরমপুর জুনিয়র ফুটবল দল টাইব্রেকারে ৪-৩ গোলে লিডার স্পোর্টিং ক্লাব কসবা ভাটিয়াপাড়াকে পরাজিত করে। আয়োজক কমিটি জানায়, নক-আউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।