সারাদেশ

জামালগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর রুখে দাঁড়ানোর ঘোষণা

প্রিন্ট
জামালগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর রুখে দাঁড়ানোর ঘোষণা

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, রাত ১০:২৬

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সংবাদপুর গ্রামে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং আলি হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন আহমেদ।

সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংবাদপুর গ্রামে দিন দিন ইয়াবা, মদ, গাঁজা ও ফেনসিডিলসহ সব ধরনের মাদকের বিস্তার বাড়ছে। মাদক সেবন ও কেনাবেচা বেড়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, চিহ্নিত কয়েকজন মাদক কারবারি রাতের আঁধারে প্রকাশ্যেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকির সম্মুখীন হতে হয়। আলোচনা সভায় বক্তাদের মূল দাবি, গ্রামকে মাদকমুক্ত করতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গনি মিয়া ভুইয়া, দুলাল মিয়া, ইকবাল হোসেন, জাকির হোসেন, নবী হোসেন, ইকরাম আহমেদ, ডা. জাহাঙ্গীর, কুদ্দুস মিয়া ও নুর মুহাম্মদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকাবাসী সুন্দর ও সুস্থ সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি সহযোগিতা কামনা করেছেন।