সারাদেশ

আড়াইহাজারে ডাকাতের কবলে ইসলামী বক্তার গাড়ি: কুপিয়ে জখম ও লুটতরাজ

প্রিন্ট
আড়াইহাজারে ডাকাতের কবলে ইসলামী বক্তার গাড়ি: কুপিয়ে জখম ও লুটতরাজ

প্রকাশিত : ৫ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী নড়াইলীর গাড়িবহরে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বক্তার সহযোগী ও চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহফিল শেষ করে ফেরার পথে কল্যান্দী মোড়ে পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাড়িটির গতিরোধ করে। ডাকাতরা প্রথমে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা চালক ও বক্তার সহযোগীদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪৫ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই চক্রটিকে শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।