মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাল্যবাজার মাঠে এ কর্মসূচি পালিত হয়।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব দেশপ্রেমিক প্রতিটি মানুষের জন্য প্রেরণা হয়ে থাকবে।
রাঘবদাইড় ইউনিয়ন বিএনপির এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, পিকুল খান, আলমগীর হোসেন, সদস্য কুতুব উদ্দিন ও নাজমুল হাসান লিটন। এছাড়া মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মতামত