ঠাকুরগাঁও হাড়কাঁপানো শীতে যখন সচ্ছল মানুষেরা লেপ-কম্বলের ওমে উষ্ণতা খোঁজেন, তখন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সিন্দুর্না নদীপাড়া গ্রামের একটি পরিবারে চলছে ভিন্ন এক লড়াই। এখানে এক কম্বলের নিচে জুবুথুবু হয়ে রাত কাটে তিন সন্তানের, আর তাদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে রাত জেগে বসে থাকেন মা।
অক্ষম স্বামী আর দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে এই পরিবারের চরম মানবেতর জীবনযাপনের দৃশ্য এখন স্থানীয়দের মুখে মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যাদের দেখার কথা, সেই প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর সহায়তা।
অভিযোগ উঠেছে, সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দ থাকলেও তা প্রকৃত দুস্থদের কাছে পৌঁছাচ্ছে না। স্থানীয়দের মতে, প্রশাসনের শীতবস্ত্র বিতরণ অনেক ক্ষেত্রে কেবল ছবি তোলা আর ফেসবুক পোস্টের মধ্যেই সীমাবদ্ধ। মাঠপর্যায়ে প্রকৃত অভাবী মানুষগুলো তালিকার বাইরেই থেকে যাচ্ছে।
এলাকাবাসীর প্রশ্ন, জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারি যদি কেবল ফাইল আর সভাকক্ষেই সীমাবদ্ধ থাকে, তবে এই নিঃস্ব পরিবারগুলোর পাশে দাঁড়াবে কে? হাড়কাঁপানো শীতে যেখানে একটি কম্বল জীবন বাঁচাতে পারে, সেখানে প্রশাসনের এমন উদাসীনতাকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। এখনও এই পরিবারটির কাছে কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি। দ্রুত তাদের পাশে দাঁড়াতে এবং শীতবস্ত্র নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মতামত