সারাদেশ

নারায়ণগঞ্জ-৫ আসনে এবার হাতপাখার বিজয় হবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রিন্ট
নারায়ণগঞ্জ-৫ আসনে এবার হাতপাখার বিজয় হবে: মুফতি মাসুম বিল্লাহ

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সাধারণ মানুষের মাঝে হাতপাখার পরিচিতি ও গ্রহণযোগ্যতা এখন তুঙ্গে। গণমানুষের আস্থার প্রতীক হিসেবে এই জনপদে হাতপাখা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে হাতপাখার বিজয় হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নগর কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জের মানুষের প্রতিটি সুখে-দুঃখে আমরা পাশে থাকতে চাই। একটি স্মার্ট, নারী ও শিশুবান্ধব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে হাতপাখা মার্কার বিকল্প নেই। ইসলাম ও দেশের স্বার্থে মানুষ এখন হাতপাখাকে সমর্থন দিতে প্রস্তুত।

মহানগর ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. আবুল হাশিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম ও ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম শাহীন আদনান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সানভীর।