সারাদেশ

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ফাইটার মনির আটক

প্রিন্ট
বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ফাইটার মনির আটক

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মনির ওরফে ফাইটার মনিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মাসদাইর ঘোষেরবাগ এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীমের নেতৃত্বে একদল পুলিশ গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকায় ফাতেমা ইয়াসমিন শিল্পীর মালিকানাধীন ভবনে অভিযান চালায়। এসময় মনিরকে আটক করে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে রামদা, ছোড়াসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, সিসি ক্যামেরা ও কম্পিউটার জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটক মনির এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদের অন্যতম সহযোগী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষেরবাগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ ও তার বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এর আগে জাহিদকে ধরতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল এবং পুলিশের উপ-পরিদর্শক ছুরিকাহত হয়েছেন। এমনকি র‌্যাবের ওপর গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি এই বাহিনী, যার গুলিতে এক অন্তঃসত্ত্বা নারী দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। গত ১০ দিন আগেও জাহিদ বাহিনী শাওন নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে। পুলিশের এই অভিযানের পর জাহিদকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফতুল্লা মডেল থানার এসআই গাজী শামীম জানান, মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জাহিদসহ অন্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।