সারাদেশ

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও সংযোগ বিচ্ছিন্ন

প্রিন্ট
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ৬ জানুয়ারি ২০২৬, রাত ১১:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাবরুকপুর গ্রামে চাঁদা না পেয়ে জহিরুল ইসলাম লিটন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রণি আক্তার মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনারগাঁ থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রণি আক্তার জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় হাসমত উল্লাহ, সবুজ, আউয়াল ও রাকিবসহ ১০-১২ জনের একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এর আগে বিভিন্ন সময়ে তারা ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত ৫ জানুয়ারি রাতে ওই চক্রটি পুনরায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং শখের ফলদ গাছগুলো কুপিয়ে কেটে ফেলে। যাওয়ার সময় তারা বাড়ির বিদ্যুৎ লাইন কেটে তার নিয়ে যায় এবং গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ভুক্তভোগী আরও জানান, গত ২১ ডিসেম্বর রাতেও তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তার ধারণা, এই চাঁদাবাজ চক্রটিই ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকতে পারে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।