সারাদেশ

ঠাকুরগাঁও ডিসি অফিসে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ: দেহরক্ষী প্রত্যাহার

প্রিন্ট
ঠাকুরগাঁও ডিসি অফিসে নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ: দেহরক্ষী প্রত্যাহার

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, দুপুর ২:৫৬

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর জেলা প্রশাসকের (ডিসি) দেহরক্ষী কনস্টেবল শফিকুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

ডিসি কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীনে ২০তম গ্রেডে ২৭টি শূন্য পদে নিয়োগের জন্য সম্প্রতি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরপরই ডিসির দেহরক্ষী শফিকুল ইসলামের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই রেকর্ডে তাকে এক ব্যক্তির উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমার ওপর ছাইড়া দেন... নিজের কাজগুলো যদি ওঠাতে না পারি, তাহলে থাকার কোনো দরকার নাই।

কল রেকর্ডটি প্রকাশ্যে আসার পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন জানান, নিয়োগপ্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ পাওয়ায় শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি আব্দুল লতিফ বলেন, এটি কেবল একজন দেহরক্ষীর ব্যক্তিগত আচরণ নয়, বরং পুরো নিয়োগ ব্যবস্থার জন্য উদ্বেগের। শুধু প্রত্যাহার নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যের হোতাদের খুঁজে বের করা জরুরি।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নিয়োগ কমিটির সদস্য সচিব ও আরডিসি রুহুল আমীন প্রশিক্ষণে থাকায় কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, এর আগেও গত ২৬ ডিসেম্বর একই কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।