নারায়ণগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। জেলার ৫টি সংসদীয় আসনে জমা পড়া ৫৭টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। অন্যদিকে ঋণ খেলাপি, অসম্পূর্ণ হলফনামা ও ভোটার স্বাক্ষরে ত্রুটিসহ বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
নির্বাচনী তফশিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ): এ আসনে বৈধ প্রার্থী ৪ জন। এর মধ্যে জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা ও বিএনপির মোস্তাফিজুর রহমান ভূইয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার): বৈধ প্রার্থীদের মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ১২ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা। তার সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির নজরুল ইসলাম আজাদ।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ): এখানে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া সুসংগঠিত অবস্থানে রয়েছেন। এছাড়াও বিএনপির আজহারুল ইসলাম মান্নানসহ অন্যান্য প্রার্থীরা মাঠে সক্রিয়।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা): এ আসনে জামায়াতে ইসলামী সরাসরি প্রার্থী না দিলেও ১২ দলীয় ঐক্যজোটের প্রার্থী এডভোকেট আল আমিনের পক্ষে কোমর বেঁধে নেমেছে দলটির স্থানীয় সংগঠনগুলো। এখানে বিএনপির মিত্র দল জমিয়তে ইসলামের মাওলানা মনির কাসেমীও প্রার্থী হয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর): কেন্দ্রীয় সিদ্ধান্তে জামায়াত এ আসনে প্রার্থী না দিয়ে জোটের অংশীদার ইসলামী খেলাফত আন্দোলনের প্রার্থী এ বি এম সিরাজুল মনিরকে সমর্থন দিয়েছে। বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন আবুল কালাম।
স্থানীয় বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই এবার বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ১২ দলীয় ঐক্যজোটের সমন্বিত অবস্থান নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। তবে আপিল প্রক্রিয়া ও প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর চূড়ান্ত লড়াইয়ের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। শিল্পাঞ্চল ও বন্দর অধ্যুষিত এই জেলায় শ্রমজীবী ভোটারদের রায়ই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
মতামত