সারাদেশ

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বহিষ্কৃত

প্রিন্ট
পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বহিষ্কৃত

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:২২

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীকে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইদ্রিস আলীকে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার অনুরোধ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। নির্ধারিত সময়ে জবাব না দেওয়াকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে কার্যনির্বাহী কমিটি তাকে পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। শোকজের জবাব না দিয়ে তিনি প্রমাণ করেছেন যে সংগঠনের নিয়মনীতির প্রতি তার কোনো সম্মান নেই। তাই বাধ্য হয়েই তাকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে ইদ্রিস আলী প্রেসক্লাবের কোনো পদবি ব্যবহার বা সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বলেও ক্লাব কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।