সারাদেশ

নারায়ণগঞ্জ-৪ জোট প্রার্থীর সমর্থককে হুমকির অভিযোগ

প্রিন্ট
নারায়ণগঞ্জ-৪ জোট প্রার্থীর সমর্থককে হুমকির অভিযোগ

প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৬

 নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে উত্তেজনা ছড়িয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের এক অনুসারীর বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহ আলমের ভাগ্নে ও ফতুল্লা এলাকার বাসিন্দা আশফাক একটি মেসেঞ্জার গ্রুপে সাবেক ছাত্রদল নেতা শাজাহানকে অশালীন ভাষায় দেখে নেওয়ার হুমকি দেন। সম্প্রতি একটি উঠান বৈঠকে শাজাহান জোট প্রার্থীর পক্ষে বক্তব্য রাখায় তাকে এই হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। ওই কথোপকথনের একটি স্ক্রিনশট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শাজাহান বলেন, নির্বাচনের আগেই যদি কোনো প্রার্থীর অনুসারীরা এভাবে হুমকি দেয়, তবে তারা বিজয়ী হলে পরিস্থিতি কী হবে তা সহজেই অনুমেয়। এই ঘটনায় মনির কাসেমীর সমর্থকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে অভিযুক্ত আশফাক বা স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।