সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গুড় বিক্রির কথা বলে ব্যবসায়ীকে জিম্মি: আটক ৩

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে গুড় বিক্রির কথা বলে ব্যবসায়ীকে জিম্মি: আটক ৩

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১২:৫৯

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্গানিক গুড় বিক্রির কথা বলে মো. জাহিদুল ইসলাম রাফে নামের এক ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করলেও চক্রের বাকি সদস্যরা এখনো পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হৃদয় হোসেন (২৫), মো. সৈকত আলী (২০) ও মো. শরীফ (১৯)। তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জাহিদুল ইসলাম রাজধানীর শাহজাহানপুর এলাকায় অর্গানিক খাদ্যের ব্যবসা করেন। গত শনিবার ফেসবুকে গুড়ের অর্ডার পেয়ে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় যান। সেখানে ওত পেতে থাকা একদল যুবক তাকে জিম্মি করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং নগদ ৪১ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে বাকি টাকা দেওয়ার কথা বলে জাহিদুলকে ছেড়ে দিলে তিনি পুলিশের দ্বারস্থ হন। রবিবার রাতে মুক্তিপণের অবশিষ্ট টাকা নেওয়ার সময় ওত পেতে থাকা পুলিশ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।