মাগুরার শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে শ্রীপুর বাসস্ট্যান্ড মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
শোকসভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও আদর্শ বিএনপি নেতাকর্মীদের জন্য সবসময় প্রেরণার উৎস। আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা ও আলমগীর হোসেন। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. এনায়েত ও সদস্য সচিব মো. হেমায়েতের সঞ্চালনায় শোকসভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মতামত