সারাদেশ

মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরি

প্রিন্ট
মীরসরাইয়ে বিপিসির পাইপলাইন ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরি

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৮

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের মূল পাইপলাইন ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় এ ঘটনা প্রকাশ পায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মহাসড়কের পাশে বিপিসির পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি। ঘরটির আড়ালে মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, ফায়ার সার্ভিস ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কী পরিমাণ তেল চুরি হয়েছে এবং পাইপলাইনের কতটুকু ক্ষতি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে।

ঘরটির মালিক নুর জাহান জানান, তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়া আমিরুল ইসলামের কোনো সঠিক ঠিকানা বা পরিচয়পত্র সংরক্ষণ করেননি। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমিরুল পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই স্থাপনায় নাশকতামূলক বা চুরির উদ্দেশ্যে করা এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।