সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ড্রামট্রাকে চাঁদাবাজির অভিযোগ

প্রিন্ট
সোনারগাঁয়ে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ড্রামট্রাকে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে বালুভর্তি ড্রামট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ব্যবহার করে তাঁর অনুসারীরা প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছে বলে অভিযোগ ভুক্তভোগী চালকদের।

চালকদের দাবি, আষাঢ়িয়ার চর এলাকায় একটি বেসরকারি শিল্প গ্রুপের জমিতে বালু ভরাটের কাজ চলছে। সেখানে প্রতিদিন গড়ে ৬০-৭০টি ড্রামট্রাক বালু নিয়ে আসে। বিএনপি নেতা আব্দুর রউফের কর্মী পরিচয়ে জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি প্রতিটি ট্রাক থামিয়ে চাঁদা আদায় করেন। প্রতিবাদ করলে চালকদের মারধর ও লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়। দিনে এভাবে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা তোলা হচ্ছে বলে তাঁরা জানান।

আসাদুল্লাহ নামে এক চালক অভিযোগ করেন, টাকা দিতে না চাইলে জহির ও ইয়ানবি আমাকে মারধর করতে তেড়ে আসে। প্রশাসনের সহযোগিতা ছাড়া এখানে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আব্দুর রউফ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মহাসড়কের পাশে বালু ভরাটের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহারা দেওয়া এবং সিরিয়াল বজায় রাখার জন্য এই টাকা নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত কর্মী ইয়ানবি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, আব্দুর রউফের ছোট ভাই আব্দুল লতিফ এই অর্থ আদায়ের প্রতিবাদ জানালেও তাতে কোনো কাজ হয়নি বলে জানা গেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, চাঁদাবাজির বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।