সারাদেশ

পরিকল্পিত নগরী গড়তে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করছে সরকার

প্রিন্ট
পরিকল্পিত নগরী গড়তে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করছে সরকার

প্রকাশিত : ৮ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৪

নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি খসড়া অধ্যাদেশ তৈরি করে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ শুরু করেছে।

শীতলক্ষ্যা তীরবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং দুর্যোগ সহনশীল ব্যবস্থাপনা নিশ্চিত করাই এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

পরিচালনা পর্ষদ কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য। এছাড়া বিভিন্ন ক্ষেত্র থেকে আরও পাঁচজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর।

কর্তৃপক্ষ নির্ধারিত এলাকার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবে। ভূমি ক্রয়, অধিগ্রহণ ও উন্নয়ন ফি ধার্যের ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের হাতে। মহাপরিকল্পনার বাইরে ভূমি ব্যবহার করলে ১ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

নদী, খাল বিল বা প্রাকৃতিক জলাধারের প্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জলাধার ভরাট বা খনন করলে প্রথমবার ২ বছরের কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে ২ থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

প্রস্তাবিত এই খসড়ায় খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে ২০০০ সালের প্রচলিত সংরক্ষণ আইনটি কার্যকর রাখার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্তৃপক্ষ গঠিত হলে নারায়ণগঞ্জের শিল্প ও আবাসন খাতে দীর্ঘমেয়াদি শৃঙ্খলা ফিরবে।