জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মো. ইয়ানুর হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ঢাকার পাড়া মোড় এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ইয়ানুর কুসুম্বা ইউনিয়নের ছালাখুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় যুবদল রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকার পাড়া মোড় এলাকায় অবস্থানকালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ইয়ানুরের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ইয়ানুর এলাকায় অবৈধ সুদ কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধারণা করা হচ্ছে, সুদ কারবারিদের সঙ্গে পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রাইহান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সুদ কারবারসহ সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত